এপ্রিল ২৩, ২০২৬, ১১:১৮ এএম
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভাগ্য আজ নির্ধারিত হতে যাচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের; টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ফলে টস হেরে বড় সংগ্রহের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও এবার কৌশলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড।
তারা শুরুতে বোলিং করে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলতে চায়। কিউই একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার ব্লেয়ার টিকনারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বেন লিস্টার। সফরকারীরা আজকের ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
এদিকে টস হেরেও মোটেও অখুশি নন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, চট্টগ্রামের উইকেট ও কন্ডিশন বিবেচনায় শুরুতে ব্যাটিং করার সুযোগ পাওয়া তাদের জন্য ইতিবাচক হতে পারে। বাংলাদেশের একাদশে আজ দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে আগের দুই ম্যাচ মিস করা তারকা পেসার মুস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। এছাড়া বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজের পাশাপাশি একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার তানভীর ইসলাম।
টাইগারদের আজকের একাদশে ব্যাটিং অর্ডারে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর মতো নির্ভরযোগ্য ব্যাটাররা। উইকেটরক্ষক হিসেবে লিটন দাস এবং মাঝপথে ইনিংস সামলানোর দায়িত্বে আছেন তাওহীদ হৃদয়। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে থাকছেন গত ম্যাচে গতির ঝড় তোলা নাহিদ রানা ও শরিফুল ইসলাম। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ একটি বড় স্কোর দাঁড় করাতে পারলে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সিরিজের প্রথম দুই ম্যাচের ফলাফল অনুযায়ী আজ যারা জিতবে, সিরিজটি তাদেরই দখলে যাবে। শেষ ম্যাচে কিউইদের বোলিং তোপ সামলে টাইগার ব্যাটাররা কত বড় সংগ্রহ গড়তে পারেন, এখন সেটিই দেখার বিষয়। চট্টগ্রামের গ্যালারিতে হাজির হওয়া হাজারো দর্শকের প্রত্যাশা, ঘরের মাঠে টাইগাররা সিরিজ জয়ের উৎসব নিয়ে মাঠ ছাড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন