মে ৮, ২০২৬, ১০:০৪ এএম
ঢাকা টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১০টায় মাঠের লড়াই শুরু হয়।এই ম্যাচে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
পেস আক্রমণে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছেন তরুণ নাহিদ রানা। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে অফ স্পিনার নাঈম হাসানের জায়গা হয়নি এই ম্যাচের একাদশে।
অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান শিবির। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না দেশটির তারকা ব্যাটার বাবর আজমের। দলটির স্পিন আক্রমণে সাজিদ খানের বদলে একাদশে সুযোগ পেয়েছেন নোমান আলী। এ ছাড়া পেস আক্রমণে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং হাসান আলীকে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে মাঠে বাংলাদেশের দুই ওপেনার ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন