মে ২৫, ২০২৬, ১২:০০ পিএম
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।দলে দেশীয় লিগের পরিচিত মুখদের পাশাপাশি প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও আনিসুর রহমান জিকো। রক্ষণভাগে তারিক কাজী, তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের মতো অভিজ্ঞরা জায়গা পেয়েছেন। এছাড়া মিডফিল্ডে জামাল ভূঁইয়ার নেতৃত্বে সোহেল রানা, হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোম দলটিকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আক্রমণভাগে ইতালিভিত্তিক ক্লাব অলবিয়া এফসির ফাহমেদুল ইসলামসহ মিরাজুল ও শাদিনকে রাখা হয়েছে।বাফুফের এই প্রাথমিক দলটির ওপর এখন ফুটবলপ্রেমীদের নজর। হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করছে।
দলটি দ্রুতই পূর্ণাঙ্গ অনুশীলনে নামবে বলে জানা গেছে। ম্যাচটি ঘিরে দেশের ফুটবল মাঠে নতুন করে উন্মাদনা তৈরির প্রত্যাশা রয়েছে।আগামী ৫ জুন মাঠে গড়াবে এই আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন