জুন ৯, ২০২৬, ০৩:০৫ পিএম
দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে ফিরে নিজের জাত চেনালেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ম্যাচে ৪৯ বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। লাল-সবুজের জার্সিতে ২০২২ সালের আগস্টের পর এটিই তার প্রথম ম্যাচ, আর প্রত্যাবর্তনের মঞ্চে এমন ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচের একপর্যায়ে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মোসাদ্দেক ও তাওহীদ হৃদয়ের জুটি দলকে ম্যাচে টিকিয়ে রাখে। ৩৮তম ওভারে বাংলাদেশ দল ২০০ রানের মাইলফলক স্পর্শ করে। তবে ৪১তম ওভারের মাথায় ২১৯ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মোসাদ্দেক একপ্রান্তে আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন।শুরুটা দারুণ হলেও মাঝপথে রানের গতি কিছুটা কমে এসেছিল। হৃদয়ের সঙ্গে মোসাদ্দেকের ৭৫ রানের জুটি বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু ৫১ বলে ৩১ করে হৃদয় ফিরে গেলে সেই জুটি ভেঙে যায়।
এরপর মেহেদী হাসান মিরাজ ক্রিজে এসে দ্রুত আউট হওয়ায় মোসাদ্দেকের কাঁধে দায়িত্বের বোঝা আরও বেড়েছে।মোসাদ্দেকের এই ফিফটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দলে ফেরার দীর্ঘ সংগ্রামের ফসল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পুরস্কার হিসেবে এই সুযোগ পেয়েছিলেন তিনি।
মোসাদ্দেকের ব্যাটিং দৃঢ়তা এবং নিচের দিকের ব্যাটারদের সহযোগিতা থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সম্মানজনক এক পুঁজি গড়তে পারবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেট ভক্তরা এখন শেষ ওভারগুলোতে মোসাদ্দেকের ব্যাট থেকে আরও বিধ্বংসী ইনিংস দেখার অপেক্ষায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন