জুন ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ আট বা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল। বেশ কিছু সমীকরণ মিলে গেলে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বৈশ্বিক মঞ্চের মহাদ্বৈরথে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে এমন কিছু হলে সেটি হবে অত্যন্ত দারুণ ব্যাপার।গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে দুই দলই এখন মাঠে ঘাম ঝরাচ্ছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান মজবুত করেছে পর্তুগাল। আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলে এবং পরবর্তী ম্যাচগুলো জিতলে শেষ আটে তাদের দেখা হওয়ার শতভাগ সম্ভাবনা তৈরি হবে। বড় জয়ের পর সংবাদ সম্মেলনে মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো পর্তুগিজদের পক্ষ থেকে একে স্বাগত জানান। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর সুনির্দিষ্টভাবে দেওয়া কঠিন হলেও এমন ম্যাচের অংশ হওয়া যেকোনো ফুটবলারের জন্যই রোমাঞ্চকর হবে।
এর আগে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল পর্তুগাল। সেই কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে রোনালদো জানান, গেল সপ্তাহটি বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল এবং অনেকেই ভাবছিলেন তিনি হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, তিনি কখনোই হাল ছেড়ে দেন না এবং সবসময় সতীর্থদের নিয়ে কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন। আগামী রোববার ভোরে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন