জুলাই ১৪, ২০২৬, ১১:৪৭ এএম
বিশ্বকাপ ফুটবলের স্বপ্নভঙ্গের রেশ কাটার আগেই নতুন এক হতাশায় ডুবলেন নেইমার জুনিয়র। লাস ভেগাসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্ট থেকে প্রথম দিনেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে।২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই নেইমার নাম লেখান লাস ভেগাসের পোকার টেবিলে।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শনিবার ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে খেলতে নেমেছিলেন তিনি। তবে প্রথম দিনেই শেষ হয়ে যায় তার যাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে খেলতে দেখা গেলেও, প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি তিনি।পেশাদার পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি তিনি।
বিশ্বকাপে চোটের কারণে সেরা ছন্দে ছিলেন না নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও ব্রাজিলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি। ওই ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা।ফুটবলের পাশাপাশি পোকার খেলার প্রতি নেইমারের আগ্রহের কথা ফুটবল মহলে নতুন নয়। তবে এই শখ নিয়ে আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বছরের শুরুতে সান্তোসের একটি ম্যাচে না খেলে দীর্ঘসময় অনলাইন পোকারে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা নিয়ে ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।মাঠের ব্যর্থতার পর অন্য এক প্রতিযোগিতাতেও সাফল্য পেলেন না ব্রাজিলের এই তারকা। সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য হতাশার গল্প হয়েই থাকছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন