রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ১১:২২ পিএম

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিল ফিফা

ছবি - সংগৃহীত

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ পরিচালনায় নিযুক্ত রেফারি ইসমাইল এলফাতকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ মিডিয়া দাবি করেছে, এই রেফারি লিওনেল মেসির পরিচিত এবং এমএলএস লিগের ম্যাচে তার অধীনে খেলা সব ম্যাচেই ইন্টার মায়ামি জিতেছে, যা পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। তবে ফিফার নিয়মনীতি ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে এই অভিযোগের ভিত্তি খুব একটা জোরালো নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফিফা গত তিন বছর ধরে রেফারিদের একটি ‍‍`এলিট প্যানেল‍‍` তৈরি করেছে। খেলোয়াড়দের মতোই রেফারিদের সামগ্রিক পারফরম্যান্স, শারীরিক সক্ষমতা এবং গুণমানের ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি নির্বাচনের ক্ষেত্রে কঠোর কিছু প্রটোকল অনুসরণ করা হয়।

নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দুই দেশের কোনো দেশের বা একই মহাদেশের রেফারি সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচে দক্ষিণ আমেরিকা বা ইউরোপের কোনো রেফারি থাকছেন না। এই পরিস্থিতিতে ফিফা নর্থ আমেরিকান অঞ্চল থেকে সেরা রেটিংধারী ইসমাইল এলফাতকে দায়িত্ব দিয়েছে।

ইসমাইল এলফাত বিশ্বকাপে এর আগেও ব্রাজিলের ম্যাচ এবং উরুগুয়ে-স্পেন ম্যাচ পরিচালনা করেছেন। উচ্চচাপের ম্যাচে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্যই তিনি ফিফার এই এলিট প্যানেলে শীর্ষে রয়েছেন। ব্রাজিলের ম্যাচে তিনি যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনি অন্যান্য হাইভোল্টেজ ম্যাচেও তার রেফারিং নিয়ে কোনো বিতর্ক ওঠেনি।

বিশ্লেষকদের মতে, ফিফা সর্বদা নিরপেক্ষতা বজায় রাখতে নিরপেক্ষ মহাদেশ থেকে রেফারি নিয়োগ দেয়। ব্রিটিশ মিডিয়া প্রায়শই প্রতিপক্ষের বিরুদ্ধে নানা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করে, যা মাঠের খেলার বাইরের অংশ হিসেবেই বিবেচিত হয়। ইসমাইল এলফাত তার পূর্ববর্তী অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন। তাই এই অভিযোগকে একটি ‍‍`কন্সপিরেসি থিওরি‍‍` বা ব্রিটিশ মিডিয়ার পক্ষপাতেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ফুটবলবোদ্ধারা।