জুলাই ২২, ২০২৬, ০২:১০ পিএম
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সম্ভাব্য ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে বহুল প্রতীক্ষিত ফাইনালিসিমা আয়োজনের নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। এর আগে বিশ্বকাপের আগেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা থাকলেও নানা জটিলতার কারণে তা শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।
স্পেনের সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের পরই এই বিষয় নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে।আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন যে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের নভেম্বর মাসে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিনালিসিমা হলো উয়েফা ইউরো এবং কনমেবল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার ঐতিহ্যবাহী আন্তঃমহাদেশীয় ফুটবল লড়াই। দুই হাজার বাইশ সালে এই প্রতিযোগিতা নতুন রূপে ফিরে আসে এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে তিন গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর পরের আসরে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা থাকলেও কাতারের লুসাইল স্টেডিয়াম ভেন্যু হিসেবে নির্ধারিত হওয়ার পরও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।
সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে লুসাইল স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাতার সরকার এর আয়ত্ব-স্বত্ব নিশ্চিত করেছে। যদিও উয়েফা কিংবা কনমেবল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই পরিকল্পনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে ফুটবলপ্রেমীরা খুব শীঘ্রই বিশ্বমঞ্চে দুই পরাশক্তির রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ পাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন