জুলাই ২৫, ২০২৬, ০৭:৫৯ পিএম
বিশ্বকাপের হতাশা ও ব্যর্থতা পেছনে ফেলে ক্লাব ফুটবলে নতুন করে মনোযোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।ব্রাসিলেইরাও সিরি এ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সান্তোসের জার্সিতে মাঠে নামছেন এই তারকা ফুটবলার।ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সকে আতিথ্য দেবে সান্তোস।বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় দুই দল একে অপরের মুখোমুখি হবে।
পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলের বেশ কাছাকাছি অবস্থান করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই সান্তোসের সামনে। বিশ্বকাপ পর্ব চুকে যাওয়ার পর নিজ ক্লাব সান্তোসের অনুশীলনে ফিরেছেন নেইমার। গত আঠারো জুলাই সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে যোগ দিলেও প্রথম দিনে তিনি মাঠে অনুশীলন করেননি। ওই দিন জিমে ফিটনেস ট্রেনিং এবং ফিজিওলজিক্যাল ল্যাবের বিভিন্ন শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি। তবে গত চব্বিশ জুলাই সম্পূর্ণ ফিট হয়ে পুরোদমে অনুশীলন করেছেন নেইমার। ক্লাব সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আজকের ম্যাচের শুরুর একাদশে নিশ্চিতভাবেই জায়গা পাবেন তিনি।
সান্তোসের হয়ে এর আগে গত সতেরো মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচে তিন গোলে হেরেছিল তার দল। এর পর বোটাফোগোর কাছেও পরাজিত হওয়ায় দলটি বর্তমানে বেশ চাপের মুখে রয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে নেইমারের এই প্রত্যাবর্তন ক্লাবটির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচটিকে কেন্দ্র করে বাংলাদেশি ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের মাঝেও দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
তবে বাংলাদেশের দর্শকদের সরাসরি টেলিভিশন পর্দায় ম্যাচটি দেখার সুযোগ নেই। দক্ষিণ আমেরিকান ও ব্রাজিলিয়ান লিগের অফিসিয়াল আন্তর্জাতিক ব্রডকাস্ট পার্টনার ফ্যানাটিজ অ্যাপের মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করা হবে। বাংলাদেশি ফুটবল প্রেমীরা ফ্যানাটিজ অ্যাপ ডাউনলোড করে অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সাবস্ক্রিপশনের মাধ্যমে হাই-ডেফিনিশনে খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন।নবনির্বাচিত এই তারকা খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর দলের সাফল্য অনেকাংশে নির্ভর করছে।ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমারের জাদুকরি নৈপুণ্য দেখার জন্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন