জুলাই ২৬, ২০২৬, ০৪:০৫ পিএম
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর আর্জেন্টিনাকে কেন্দ্র করে এক নতুন আন্তর্জাতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দল ও সমর্থকদের পক্ষ থেকে অবিরাম পক্ষপাতিত্ব এবং পরিকল্পিত সমালোচনার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।এরই জেরে আর্জেন্টিনার একটি টিভি অনুষ্ঠান আর্জেন্টিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে ১০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে।
`তোদো নতিসিয়াস` নামের ওই টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক জোনাথান ফিয়ালি দাবি করেন যে টুর্নামেন্ট চলাকালে এবং ফাইনালের আগে-পরে বিশ্বজুড়ে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি দলটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তাঁর মতে, এসব নেতিবাচক মন্তব্য সাধারণ পর্যালোচনার বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার সংগঠিত প্রচেষ্টা ছিল।
প্রকাশিত তালিকার শীর্ষস্থানে রাখা হয়েছে মিসরের ফুটবল দলের কোচ হোসাম হাসানকে। নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি প্রকাশ্যে আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন। তিনি দাবি করেছিলেন যে তাঁর দল ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং লিওনেল মেসিকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
একই তালিকায় স্থান পেয়েছেন ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগান এবং জনপ্রিয় হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন। সামাজিক মাধ্যম এক্সে আর্জেন্টাইন খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেসের আচরণকে লজ্জাজনক আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন মরগান। অন্যদিকে আর্জেন্টিনা দেশকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অভিনেতা জ্যাকসনকে।
এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুরাগী হিসেবে পরিচিত অনলাইন কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকেও এই তালিকায় যুক্ত করা হয়। ফাইনালের পর স্পেনের জয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ এবং সমর্থকদের সঙ্গে সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ানোকে আর্জেন্টিনাবিরোধী মনোভাব হিসেবে তুলে ধরে টিভি চ্যানেলটি। তালিকায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং অভিনেতা পেদ্রো পাসকালের নামও রয়েছে।প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল সমর্থক এটিকে সত্যের বহিঃপ্রকাশ বললেও সমালোচকেরা এটিকে স্রেফ অতিরঞ্জিত ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে আখ্যা দিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন