আগস্ট ১১, ২০২৬, ১০:১২ এএম
তৃতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। তাদের এই ঐতিহাসিক জয়ে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার জটিল হিসাব-নিকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। নির্ধারিত কাট-অফ তারিখের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থানের ওপর ভিত্তি করে সরাসরি বিশ্বকাপে খেলার পথ উন্মুক্ত হয়েছে।
আফগানিস্তানের এই বিজয়ের সুবাদে নবম স্থানে থাকা বাংলাদেশ দলও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়। এর পাশাপাশি টুর্নামেন্টের আয়োজক দেশ স্বয়ংক্রিয়ভাবে স্থান পেলে নবম দলটির জন্যও সরাসরি খেলার সুযোগ তৈরি হয়। সেই সুবাদে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
অন্যদিকে র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে তাদের দুটি ম্যাচ বাকি থাকলেও সেই ম্যাচগুলো জিতলেও তারা নবম স্থানে উঠতে পারবে না। ফলে ক্যারিবীয় দলটিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্বের কঠিন ধাপ পেরিয়ে মূল লড়াইয়ে আসতে হবে।
গত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়ে বাছাইপর্বের সুপার সিক্সে পঞ্চম হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারও তাদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আসন্ন বাছাইপর্ব থেকে সেরা দলগুলো পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ পাবে।আফগানিস্তানের এই জয়ে কেবল তাদের নিজেদের বিশ্বকাপ যাত্রা সুগম হয়নি, বরং টাইগারদের জন্যও এক স্বস্তিদায়ক ও নিশ্চিত পথ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন