সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:১২ পিএম
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তার অনাপত্তিপত্র বা এনওসি পাওয়ার সুযোগ বেশ ক্ষীণ বলে জানা গেছে।
সম্প্রতি তিনি গ্রেড-দুই সাইড স্ট্রেইন ইনজুরি থেকে সেরে উঠেছেন। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিগ ব্যাশের নতুন মৌসুম চলবে। এই টুর্নামেন্টে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্নের একটি দল রানাকে নিতে আগ্রহী। কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রানার কোনো আনুষ্ঠানিক আবেদন তারা এখনো পায়নি।
আবেদন পেলেও ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে তাকে ছাড়ার সম্ভাবনা কম। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই পেসার। চলতি সপ্তাহে তিনি বোলিংয়ে ফিরেছেন। তার ফিটনেস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনাকে বোর্ড এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সেপ্টেম্বরের এশিয়ান গেমসেও তিনি থাকছেন না। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন।
এরপর অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে। নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
এছাড়া জানুয়ারিতে ভারতের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
তথ্যসূত্র: ক্রিকবাজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন