রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

থামছেন না মেসি, জোড়া গোলে মায়ামিকে জেতালেন এলএমটেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১১:৪৫ এএম

থামছেন না মেসি, জোড়া গোলে মায়ামিকে জেতালেন এলএমটেন

ছবি - সংগৃহীত

জাতীয় দলের হয়ে বিশ্রাম শেষে ক্লাবের জার্সিতে ফিরেই স্বরূপে জ্বলে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে ভর করে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে আবারও মেসির জাদুতে মুগ্ধ হলো যুক্তরাষ্ট্রের ফুটবল বিশ্ব।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা দলের হয়ে প্রীতি ম্যাচে বিশ্রামে থাকা মেসিকে শুরু থেকেই চনমনে দেখাচ্ছিল। ম্যাচের ৩৯তম মিনিটে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫২তম মিনিটে, মাঝমাঠ থেকে মেসির বাড়ানো এক মাপা লং পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। এই অ্যাসিস্টের মাধ্যমে মেসি তার ক্যারিয়ারের ৩৯৬তম অ্যাসিস্ট পূর্ণ করেন।এরপর ৬১তম মিনিটে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক শটে দলের তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ৮৭তম মিনিটে জর্দি আলবার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে মায়ামির বড় জয় নিশ্চিত করেন মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তার ২৬তম গোল, যা তাকে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষস্থানে রেখেছে।আগামী ১৯ অক্টোবর ন্যাশভিলের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি খেলবে মেসির ইন্টার মায়ামি।