অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৩১ এএম
এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার শেষ লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
চার দলের ‘সি’ গ্রুপে তিন ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অন্যদিকে, ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হংকং। ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হারলেই এবারের মতো বিদায় নিশ্চিত হয়ে যাবে।
গত বৃহস্পতিবার ঢাকার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা। ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ৩-৩ গোলে সমতায় ফিরেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। সেই হারের প্রতিশোধ এবং নিজেদের আশা বাঁচিয়ে রাখাই এখন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের মূল লক্ষ্য।
ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “ঢাকার ম্যাচে আমরা প্রমাণ করেছি যে আমরাও লড়াই করতে পারি। শেষ মুহূর্তের ভুলে আমরা হেরেছি। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। এবার আমরা জয়ের জন্যই মাঠে নামব।”তবে কাজটা সহজ হবে না। ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা হংকং ঘরের মাঠে দর্শকদের সমর্থনে আরও শক্তিশালী প্রতিপক্ষ। তাদের হারাতে হলে রক্ষণ ও আক্রমণভাগে শতভাগ নিখুঁত ফুটবল খেলতে হবে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন