অক্টোবর ২২, ২০২৫, ০৯:৩৯ এএম
ফুটবল বিশ্বের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথেই হাঁটছেন তার বড় ছেলে, ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই বাবার দেশের হয়ে খেলার সুযোগ পেলেন তিনি। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে ডাক পেয়েছেন এই উদীয়মান তারকা।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) সোমবার (২০ অক্টোবর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফেডারেশন কাপ’ টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করে, যেখানে ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম অন্তর্ভুক্ত রয়েছে।অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই টুর্নামেন্টটি আগামী ৩০ অক্টোবর শুরু হবে এবং ৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপপর্বে পর্তুগাল খেলবে স্বাগতিক তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের বিপক্ষে।
এর আগে রোনালদো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন এবং গত মে মাসে একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে নজর কাড়েন। বাবার মতো রোনালদো জুনিয়রও বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের যুব দলের হয়ে ৭ নম্বর জার্সি পরে খেলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলের এই জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে ফুটবল বিশ্বে উচ্ছ্বাস দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন