নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৫১ পিএম
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার গ্রামগুলোয় শীতের আগমনী বার্তা এবার বেশ স্পষ্ট হয়ে উঠেছে। ভোরে জমাট কুয়াশা যেন সাদা চাদরের মতো মাটিকে ঢেকে দিচ্ছে আর সন্ধ্যা নামলেই উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে—শীত এ বছর বেশ আগেভাগেই ঘনিয়ে আসছে।
গ্রামের অলি–গলিতে হাঁটলেই এখন পাওয়া যাচ্ছে শীতের সেই চেনা অনুভূতি; শিশিরভেজা ঘাস ঠান্ডা বাতাসের শিরশিরে স্পর্শ এবং দূর পাহাড়ি বাতাসের হিম ধারা অনুভূত হচ্ছে।
এই পরিস্থিতিতে দেশের আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত বছরের এই সময়ে তেঁতুলিয়ায় এমন কম তাপমাত্রা শীতের আগমনকে আরও দ্রুত ত্বরান্বিত করে থাকে। তবে চলতি মাসের শেষ দিকে সাগরে যদি কোনো নিম্নচাপ বা ঝড়ের সৃষ্টি না হয় তাহলে তাপমাত্রা আরও দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রসঙ্গে দেশের আবহাওয়া বিশ্লেষণমূলক প্ল্যাটফর্ম বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম বা বিডব্লিউওটি বলছে সাগরের অবস্থা যদি পুরোপুরি শান্ত থাকে তবে ডিসেম্বরেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
তাদের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা বেশ শক্তিশালী।তবে তার আগেই পুরো দেশজুড়ে শীতের অনুভূতি পাওয়া যাবে বলে তারা দিয়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমবে বাতাসে বাড়বে শীতলতা তবে সেই মাত্রা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো শক্তিশালী নাও হতে পারে। বিডব্লিউওটি আরও জানায় এ বছরের শীতের ধরণ কিছুটা ভিন্ন হতে পারে এবং নভেম্বরজুড়ে শীতের ধীর ও মনোরম উপস্থিতি থাকবে।
বিশেষ করে ভোরবেলা ঘন কুয়াশা সন্ধ্যার পর ঠান্ডা বাতাস আর ভোররাতের দিকে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার প্রবণতা পুরো মাসজুড়েই অনুভূত হবে। ফলে তীব্র ও ঘন শীত হয়তো এখনই নেমে আসবে না কিন্তু হিম শীতল প্রকৃতি উপভোগ করার সুযোগ থাকবে নভেম্বর মাস জুড়েই। সব মিলিয়ে বলা যায় শীত এ বছর সময় নিয়ে এলেও তার উপস্থিতি উত্তরাঞ্চলের গ্রাম থেকে শুরু করে মধ্য ও দক্ষিণাঞ্চলেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন