নভেম্বর ২৯, ২০২৫, ০১:২৩ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
শনিবার (২৯ নভেম্বর) আইএমডি পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।
সংস্থাটির তথ্য মতে, আগামীকাল রোববার (৩০ নভেম্বর) ভোরের আগে ঘূণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আছড়ে পরতে পারে।
ইতোমধ্যে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে ৮০ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল এবং অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে।
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টির মূল আঘাত হানবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করলেও এর উল্লেখযোগ্য প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই।তবে আগাম সতর্কতার অংশ হিসেবে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন