নভেম্বর ২৯, ২০২৫, ১০:৫৬ পিএম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বর্তমানে খুবই উত্তাল রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ৪টি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এবং বিশেষ বিজ্ঞপ্তিতে (নং-৯) এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় একই এলাকায় অবস্থান করছে।
এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।দুপুর ১২টার তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।বাতাসের গতিবেগ: ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর (পুন.) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন