মার্চ ১২, ২০২৬, ০৯:০৬ পিএম
সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১২ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা তারতম্য হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী কয়েকদিন দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। শুক্রবার এবং শনিবার বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে আগামী রোববার ও সোমবারও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
১৫ মার্চ রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। বর্তমান মৌসুমে এমন আবহাওয়া স্বাভাবিক থাকলেও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন