বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৮:৫৬ পিএম

রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি

বৃষ্টিতে ভিজল রাজধানী

টানা কয়েকদিনের ভ্যাপসা গরম আর গুমোট পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় আকস্মিক বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। ফাগুনের এই বৃষ্টি নগরজীবনে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি বয়ে আনলেও অফিস ফেরত ঘরমুখী মানুষ এবং ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হওয়া সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে ফেলেছে। 

বিশেষ করে ইফতারের পর যারা মার্কেটে গিয়েছিলেন, তারা হঠাৎ এই বৃষ্টির কবলে পড়ে বিড়ম্বনার শিকার হন। তবে গরমের অস্বস্তি কাটিয়ে এই বৃষ্টি জনমনে এক ধরনের প্রশান্তি সঞ্চার করেছে।আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

এর প্রভাবে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। 

একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।শনিবারের পূর্বাভাসে জানানো হয়েছে যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। তবে বজ্রবৃষ্টির সময় এই গতিবেগ দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয়েছে। আগামীকাল ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সূর্যোদয় হবে ৬টা ৯ মিনিটে।