মার্চ ১৯, ২০২৬, ০৪:৫৬ পিএম
সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে প্রথম তিন দিন দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান। এর প্রভাবে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হওয়ায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে এবং সকল বিভাগের অধিকাংশ স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার অর্থাৎ পবিত্র ঈদের দিনেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিনও দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করতে পারে।
বিশেষ করে রবিবার ও সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও অন্যান্য অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।গত ২৪ ঘণ্টার আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরিচায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আরিচায় দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে যে সোমবারের পর থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যেহেতু কালবৈশাখী মৌসুম শুরু হয়েছে তাই বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে এবং বজ্রপাতের সময় খোলা স্থানে থাকা পরিহার করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন