মার্চ ২৮, ২০২৬, ০৩:৪৮ পিএম
সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই চার দিন দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং আবহাওয়ার এই পরিবর্তন তাপমাত্রার ওপরও প্রভাব ফেলবে।
বুধবারের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির এলাকা কিছুটা সংকুচিত হয়ে আসতে পারে। ওইদিন কেবল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খোলা স্থানে অবস্থান করার সময় বজ্রপাত থেকে সুরক্ষা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন