মে ২৩, ২০২৬, ১২:৪৬ পিএম
আসন্ন ঈদুল আজহার ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে নতুন তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। উৎসবের বাকি আর মাত্র এক সপ্তাহ হলেও দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলায় জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতার সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী উৎসবের দিনেও গরমের তীব্রতা থেকে খুব একটা নিস্তার মেলার সম্ভাবনা নেই।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং ঢাকা বিভাগের কিছু অংশে মৃদু তাপপ্রবাহ বজায় থাকতে পারে। তবে দেশের সব অঞ্চলের আবহাওয়া এক রকম হবে না। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ওইদিন স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একেবারেই ক্ষীণ এবং সেখানে গরমের দাপট বেশি থাকবে।আগামী ২৫ মে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে ২৬ মে মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বর্তমানে রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, যশোর ও চাঁদপুরসহ ১১টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন