রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসে তাপপ্রবাহ কমার আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:৫০ এএম

দেশের আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসে তাপপ্রবাহ কমার আভাস

দেশের আবহাওয়া পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শুক্রবার দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।

দেশের মোট ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, সিলেট, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় এই বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির কারণে চলমান মৃদু তাপপ্রবাহ দুর্বল হয়ে ভ্যাপসা গরম বেশ কমে আসতে পারে। বর্তমানে একটি অঘোষিত বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে এবং আগামী ১৯ জুন থেকে আরেকটি রিমঝিম বৃষ্টি বলয় শুরু হতে পারে।

বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় মেঘ দেখলেই মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা কম থাকলেও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে। স্থানভেদে দিনে চার থেকে সাত ঘণ্টা স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।

গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বাহাত্তর মিলিমিটার রেকর্ড করা হয়েছে খুলনায়। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতি ও মংলায় ৩৬ দশমিক শূন্য শূন্য সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২১ দশমিক ৬০ সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্য উঠবে সকাল ৫টা ১১ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। দুপুরে দেশের মধ্য অঞ্চল থেকে সূর্য শূন্য দশমিক ৪৫ ডিগ্রি দক্ষিণে হেলে থাকবে। আগামী ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট আংশিক চন্দ্রগ্রহণ হওয়ার কথা থাকলেও তা বাংলাদেশ থেকে দেখা যাবে না।