জুন ১৩, ২০২৬, ০৯:৩৬ পিএম
বর্ষার প্রাক্কালে দেশের উত্তর থেকে দক্ষিণ—সব অঞ্চলেই আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ শনিবার রাত ৯টা থেকে আগামীকাল রোববার রাত ১২টার মধ্যে দেশের আটটি বিভাগেরই বেশ কিছু জেলায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে।
এই সময় বৃষ্টিপাতের পাশাপাশি সাময়িকভাবে বিভিন্ন এলাকায় তীব্র দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।বিশেষ করে দেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কয়েক দফায় এই ভারী বৃষ্টিপাত হতে পারে।এছড়াও সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, শেরপুর, জামালপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারসহ উত্তর এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু স্থানে অন্তত এক থেকে দুই দফা মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
একই সঙ্গে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলেও ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলোর নদী অববাহিকা ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের বাকি জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকতে পারে।
অন্যদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, বরিশাল ও বান্দরবানসহ অন্যান্য অঞ্চলের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আগামীকাল অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের মাঝে অন্তত তিন থেকে ছয় ঘণ্টা প্রখর রোদ থাকার সম্ভাবনা রয়েছে। তাই যারা বাইরে রোদের মধ্যে বিভিন্ন জরুরি কাজ বা কৃষিকাজ করবেন, তাদের আবহাওয়ার পরিস্থিতি দেখে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন