জুলাই ৫, ২০২৬, ১২:০৪ এএম
ঢাকার আশপাশের এলাকাসহ দেশের ১৭টি জেলায় রোববার সকাল ৯টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।দেশের ১৭টি নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও ফরিদপুর জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের সব বিভাগে সপ্তাহজুড়ে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত বহাল রেখে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন