আগস্ট ১, ২০২৬, ১১:৫০ এএম
সক্রিয় মৌসুমি বায়ুর সরাসরি প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহে দেশজুড়ে থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আগামী কয়েক দিন বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
পরবর্তী দিনগুলোতে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সাথে সাথে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বিশেষ করে আগামী বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।অবশ্য আগামী পাঁচ দিন পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন