আগস্ট ১, ২০২৬, ০৬:৫৬ পিএম
চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটির সাম্প্রতিক মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে যে মাসজুড়ে একাধিক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে কয়েকটি মৌসুমি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
মাসজুড়ে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বাড়ার শঙ্কা রয়েছে।প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম দিকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এরপর মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির বিস্তার দক্ষিণ ও মধ্যাঞ্চলের দিকে গড়াতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই বর্ষণপ্রবণ সময়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা এবং উত্তরাঞ্চলের নদীগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। মাসের শেষার্ধেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। এমনকি আগস্টের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব আরও বাড়তে পারে।
তবে চলতি মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে আবহাওয়া পর্যবেক্ষক দল। বৃষ্টির ফাঁকে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে কিছু এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন