বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের ৯ জেলায় রাতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

দেশের ৯ জেলায় রাতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দেশের নয়টি জেলার ওপর দিয়ে রাত একটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বিকেলে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।