সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৭:৪৯ পিএম
সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নৌপথে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোর নৌযানকে সাবধানতার সাথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন