অক্টোবর ৩, ২০২৫, ১০:২৬ পিএম
আগামী ৭২ ঘণ্টার মধ্যে (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ভারি বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বেড়ে পাঁচ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে ভারি বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।আগামী তিনদিন এই নদীর পানি আরও বাড়তে পারে। ফলে এ সময়ে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং এর প্রভাবে লালমনিরহাট ও নীলফামারী জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
তবে ধরলা নদীর পানি হ্রাস এবং দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে।গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিনদিন এসব নদীর পানি সমতলও বাড়তে পারে।এই সময়ে সোমেশ্বরী, ভুগাই-কংস নদীর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরি, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতলও দ্রুত বাড়তে পারে।অন্যদিকে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজ করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী একদিনও নদীগুলোয় এমন জোয়ার অব্যাহত থাকতে পারে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন