শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঢাকাসহ ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১২:০৯ পিএম

ঢাকাসহ ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে আজ রবিবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়াও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।