নভেম্বর ৭, ২০২৫, ০৯:৫১ এএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এই বিশেষ পূর্বাভাসে উল্লেখ করা হয়, এই সময়ের মধ্যে ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও নদী অববাহিকার অঞ্চলগুলোতে কুয়াশার প্রভাব দেখা যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ায় আগামী কিছুদিন দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। দেশের বেশিরভাগ অঞ্চলই এখন বৃষ্টিহীন অবস্থায় রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন