রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বল্প খরচ ও অধিক লাভে কাহারোলে ভুট্টা চাষে বিপ্লব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০৮ পিএম

স্বল্প খরচ ও অধিক লাভে কাহারোলে ভুট্টা চাষে বিপ্লব

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন স্থানীয় চাষীরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আলু উত্তোলনের পর এই চাষাবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত বছর প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন। স্বল্প খরচে অধিক ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মো. সাইদুল ইসলাম জানান, ধান চাষের চেয়ে ভুট্টা বেশি লাভজনক হওয়ায় তিনি এবার নতুন করে ভুট্টা চাষ শুরু করেছেন। আরেক কৃষক মো. শরীফ উদ্দীন বলেন, ভুট্টার ফলন ভালো হচ্ছে এবং খরচও তুলনামূলক কম। তবে সার ও কীটনাশকের মূল্য আরও সহনীয় পর্যায়ে থাকলে লাভের পরিমাণ আরও বৃদ্ধি পেত।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার, বীজ ও কীটনাশক সরবরাহ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় ভুট্টার বাম্পার ফলনের আশা করা হচ্ছে।