সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:১১ পিএম
পিরোজপুরে বছরের প্রায় অর্ধেক সময় পানির নিচে তলিয়ে থাকা জমিতেই গড়ে উঠেছে সবুজের সাম্রাজ্য। দক্ষিণাঞ্চলের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা গ্রামে আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত বিস্তীর্ণ বিল এলাকা জলমগ্ন থাকে। চিরাচরিত চাষাবাদের জমি হারিয়ে একসময় বর্ষা মৌসুমে স্থানীয় মানুষ যখন বেকার হয়ে পড়তেন, তখন নিজেদের টিকে থাকার তাগিদে তারা উদ্ভাবন করেন মাটি ছাড়া এই বিশেষ কৃষি ব্যবস্থা।
জলাবদ্ধতার বিরুদ্ধে মানুষের এই অভিযোজন এখন বিশ্বজুড়ে সমাদৃত। জলমগ্ন এই বিলে কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদ স্তূপ করে পানির ওপর বিশেষ ভেলার মতো বেড তৈরি করা হয়। স্থানীয় ভাষায় এই ভেলাগুলোকে বলা হয় `ধাপ` বা `ভিট`। দূর থেকে দেখলে মনে হয় যেন বিলের বুকজুড়ে বিছিয়ে রাখা হয়েছে সবুজ গালিচা। ভোর হতেই কৃষকেরা ছোট ডিঙি নৌকা নিয়ে নেমে পড়েন এসব ভাসমান ধাপের নিবিড় পরিচর্যায়।
ভাসমান ধাপের মূল প্রক্রিয়াটি শুরু হয় `মেদা` বা `মেটা` তৈরির মাধ্যমে। কচুরিপানার গোড়া পচিয়ে ছোট ছোট বল বা দলা বানিয়ে তার ভেতর বিভিন্ন সবজির বীজ বপন করা হয়। সরাসরি ধাপে বীজ ফেললে তা ভেসে যাওয়া কিংবা পোকা ও ইঁদুরের আক্রমণের ঝুঁকি থাকে বলেই এই বিশেষ বল তৈরি করেন চাষিরা। অঙ্কুরোদগমের পর চারাগুলো নির্দিষ্ট আকারে পৌঁছালে তা সারিবদ্ধভাবে মূল ধাপে রোপণ করা হয়।
চারা রোপণের পর রোদ ও পোকা-মাকড়ের হাত থেকে বাঁচাতে মাচা তৈরি এবং জালের আবরণ দেওয়া হয়। পানিতে টিকে থাকার ক্ষমতার কারণে এই ভাসমান ধাপে সবচেয়ে বেশি আবাদ হয় লাউ ও কুমড়ার। পাশাপাশি পটলসহ নানা জাতের শাকসবজি এবং উন্নত মানের চারা উৎপাদন করেন চাষিরা। চারা ও সবজি বিক্রির উপযোগী হলে তা সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
উদ্ভাবনী এই ভাসমান পদ্ধতি শুধু স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখেনি, প্রতি বছর এর সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকেরাও।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন