অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৩৩ পিএম
গাইবান্ধা জেলার কৃষকরা ইঁদুরের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছেন, বিশেষ করে জেলার সাতটি উপজেলার আমন ধান ক্ষেতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।
বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের শীষ বের হওয়ার মুহূর্তে ইঁদুরের হানা কৃষকের সোনালী ফসলের স্বপ্নকে ফিকে করে দিচ্ছে। শত শত একর জমির ধান গাছ কেটে সাবার করছে এই প্রাণীটি, ফলে কাটা ধানগাছ পচে যাচ্ছে।
কৃষকরা এই উপদ্রব থেকে বাঁচতে ফাঁদ, ম্যাজিক বিষ, সলিউশন এবং দোকান থেকে কেনা বিভিন্ন ওষুধ ব্যবহার সহ সব ধরনের প্রচলিত পদ্ধতি অবলম্বন করেও কোনো সুফল পাচ্ছেন না।
ক্ষতিগ্রস্ত চাষিরা অভিযোগ করেছেন যে, তারা এই সংকটময় মুহূর্তে কৃষি বিভাগের কাছ থেকে কোনো সহযোগিতা বা পরামর্শ পাচ্ছেন না এবং কৃষি কর্মকর্তারা তাদের এলাকায় পরিদর্শনে আসেননি। কৃষকরা আশঙ্কা করছেন, এভাবে ফসল নষ্ট হতে থাকলে আবাদের খরচ তোলাই অসম্ভব হয়ে পড়বে। যদিও জেলা কৃষি কর্মকর্তার ভাষ্যমতে, কৃষকদের ইঁদুর দমনের কৌশল সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ ও উঠান বৈঠকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ইঁদুর নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। চলতি মৌসুমে জেলায় মোট ১ লক্ষ ৩৩ হাজার ৩২০ হেক্টর জমিতে আমনের আবাদ হলেও, ইঁদুরের এই ব্যাপক আক্রমণের ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এখন বড় ধরনের শঙ্কায় পড়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন