নভেম্বর ৬, ২০২৫, ১০:৪৩ পিএম
দেশের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী এবং সারাদেশের প্রায় ষোল শতাংশ পেঁয়াজের যোগান দেওয়া রাজবাড়ী জেলায় বর্তমানে পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে এবং দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।
রাজবাড়ী জেলা সদরের বড় বাজারসহ বিভিন্ন পেঁয়াজের হাটে ব্যবসায়ীদের এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে যে পরিমাণ পেঁয়াজের মজুদ থাকার কথা ছিল বা যে পরিমাণ আমদানি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ আমদানি বা সরবরাহ না হওয়ার কারণেই খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা জানান, গতকাল রাজবাড়ীর খুচরা বাজারে সাধারণ বা ছালপচা পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে এবং ভালো পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা দরে, কিন্তু আজ তাদেরকে পেঁয়াজ কিনতে হয়েছে প্রতি মণ তিন হাজার আটশো থেকে চার হাজার একশো টাকা দরে, যার ফলে আজকের বাজারে পেঁয়াজের দাম আরও পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করে বলেছেন, কৃষকদের ঘরে পেঁয়াজের যে মজুদ থাকার কথা ছিল, মৌসুমের শেষ দিকে এসে সেই মজুদ কমে যাওয়ায় এখন তারা শেষ সময়ের পেঁয়াজ বাজারে আনছেন, যে কারণেও দাম বৃদ্ধি পেয়েছে। তবে তারা আশা করছেন, বর্তমানে যেহেতু হালিমুড়ি কাটে পেঁয়াজ রোপণ হচ্ছে, তাই এর পরে হয়তো পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল হয়ে আসবে। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ বা পাঁচ দিন আগেও রাজবাড়ী বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে, কিন্তু আজ সেই পেঁয়াজই বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১০ টাকা কেজি দরে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন