রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ফের বাড়ল পেঁয়াজের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০২:০৯ পিএম

দেশে ফের বাড়ল পেঁয়াজের দাম

পেঁয়াজের বাজারে চড়া দাম

দেশজুড়ে লাগাতার বৃষ্টি ও আবহাওয়ার অবনতির ফলে সব ধরনের শাকসবজির সঙ্গে একলাফে উল্লেখযোগ্যভাবে বেড়েছে পেঁয়াজের দাম।রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।কয়েক দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতো, তা একলাফে পনেরো থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

শনিবার রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, ভালো মানের বাছাই করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায়। মাঝারি বা তুলনামূলক ছোট আকারের পেঁয়াজের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা। পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা বা পাঁচ কেজি ভালো মানের পেঁয়াজ দুই শ ষাট থেকে দুই শ আংশি টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে দুই শ থেকে দুই শ কুড়ি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।

সরবরাহ সংকট ও পরিবহনে বিঘ্ন ঘটার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চল থেকে মূলত ঢাকায় পেঁয়াজ সরবরাহ করা হয়। কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে মোকামে পেঁয়াজের দাম চড়া থাকায় এবং গুদামে পানি জমে কিছু পেঁয়াজ নষ্ট হওয়ায় বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা।হঠাৎ করে প্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করেছে।