মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:২০ পিএম

পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

ঢাকার আদালত থেকে কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গাফিলতির ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এই শাস্তিমূলক ব্যবস্থা ও তদন্তের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আসামির পলায়নের ঘটনায় দায়িত্বে নিয়োজিত গাড়ির চালকসহ বিভিন্ন স্তরের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন আদালতে মামলার হাজিরা দিতে রোববার সকালে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

আদালতের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার কথা জানিয়ে শৌচাগারে যেতে চায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে পাশের একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর নজরদারির সুযোগ নিয়ে অত্যন্ত কৌশলে পালিয়ে যায় সে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আদালতে হাজিরা শেষে ফেরার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে এই বন্দি পালিয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে বিমানে দেশে ফিরছেন এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দরে অবস্থান নিয়ে অভিবাসন পুলিশের সহায়তায় তাদের আটক করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড অনুযায়ী, পলাতক পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্রসহ ২০ থেকে ২৫টি ফৌজদারি মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারে একাধিক অভিযান অব্যাহত রয়েছে।