শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

লাউয়াছড়ায় স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ১০:৩৪ পিএম

লাউয়াছড়ায় স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর কংক্রিটের স্লিপার ফেলে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন দুর্ঘটনার মুখে ফেলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। চালকের তৎপরতায় ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট-আখাউড়া রেলপথে এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী 'কালনী এক্সপ্রেস' ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮নং পিলারের কাছ দিয়ে যাওয়ার সময় চালক রেললাইনের ওপর একটি স্লিপার পড়ে থাকতে দেখেন। তিনি দ্রুত জরুরি ব্রেক চেপে ট্রেনটিকে থামিয়ে ফেলেন।

পরে রেললাইন থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, "দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। চালকের সতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।"