মে ২৬, ২০২৬, ০৪:৫৪ পিএম
টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার ভোরের দিকে এই আকস্মিক বন্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ঢলের পানির প্রবল চাপে গ্রাম দুটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দুই গ্রামের পরিস্থিতি এখন বেশ নাজুক।স্থানীয়রা জানিয়েছেন, কোনো পূর্বসংকেত ছাড়াই আকস্মিক এই বন্যায় বসতবাড়ির আঙিনা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংযোগ সড়ক, যা মানুষের স্বাভাবিক চলাচলকে চরম ব্যাহত করছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, অন্তত ৭০ থেকে ৮০টি পরিবারের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এতে কৃষিকাজ ও গৃহস্থালি দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।
উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতির খবর পেয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবিত এলাকার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবীরাও তৎপর রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন