নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৩৭ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে রাজপথে নেমে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় মহাসড়কগুলোতে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ভাঙ্গার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকাসহ একাধিক পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, শরকি, রামদা ও টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়েসহ ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন আটকা পড়েছে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান গণমাধ্যমকে জানান, ভাঙ্গার তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি বলেন, 'আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।' মহাসড়কের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবে অবরোধ ও নাশকতার চেষ্টার ঘটনায় সারাদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দুর্ভোগ কমানোই তাদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সহিংস কর্মসূচি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন