বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে রায়পুরায় মতবিনিময় সভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৪:৩৫ পিএম

বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে রায়পুরায় মতবিনিময় সভা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায় আয়োজিত এই সভায় উপজেলার ২৪টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সভার মাধ্যমে তারা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার বার্তা দিয়েছেন।সভায় প্রধান বক্তা হিসেবে আশরাফ উদ্দিন বকুল বলেন, আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে উপজেলার সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মতবিনিময় করা হয়েছে।

তিনি বিগত দিনের নির্বাচনি ব্যবস্থার সমালোচনা করে বলেন, বিগত দিনে আওয়ামী লীগের অত্যাচার আর ভোট ডাকাতির জন্য আমরা হেরেছি।

তারা দিনের ভোট রাতে করেছে, ডামি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো সিল মারা বা অসদুপায় অবলম্বন করার পথ খুঁজে বের করে না। আমরা এসব করতে চাই না।আশরাফ উদ্দিন বকুল তার মূল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে যেনো তাদের ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, আমরা নেতৃবৃন্দদের নিয়ে বসেছি এবং তাদের মাধ্যমেই পুরো উপজেলায় আমরা নির্বাচনি বার্তা পৌঁছাবো।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাবেক সভাপতি এমএন জামান ও ফাইজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিকসহ উপজেলার ২৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সমর্থন জানান।