নুরুল্লাহ কামিল
নভেম্বর ৩০, ২০২৫, ০৭:৩৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলন আরও জোরদার হয়েছে। পেশাগত মর্যাদা ও দায়িত্বের পরিধির সঠিক মূল্যায়নের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
দাবি আদায়ের অংশ হিসেবে আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়।
সারাদেশের ন্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
ব্যানারে উল্লেখ করা হয়েছে—'১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করতে হবে'। আন্দোলনকারীদের এ কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন যে—স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাঁদের দাবি উপেক্ষা করা যাবে না। তাঁরা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন কেবল বেতন কাঠামোর বিষয় নয়, এটি পেশাগত সম্মান, টেকনিক্যাল দক্ষতার যথাযথ স্বীকৃতি ও চাকরির নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত।ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কর্মরত এমটি ল্যাব আব্দুস সালাম বলেছেন, "সরকারকে দ্রুত পদক্ষেপের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হবে এবং টেকনিক্যাল ক্যাডারের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
একই হাসপাতালের রেডিওলোজী বিভাগের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রব চৌধুরী বলেন, "আমাদের এই দাবি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও কর্মপরিবেশ আরও মানবিক হবে বলে প্রত্যাশা করি।"এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো. আল আমিন, ফরহাদ হোসেন, দন্ত বিভাগের টেকনোলজিস্ট মোতাছিম বিল্লাহ সহ আরও অনেকে।
এই কর্মসূচির আহ্বান জানিয়েছে 'মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ'। এর আগে চলমান কর্মসূচির অংশ হিসেবে জেলার টেকনোলজিস্টরা সিভিল সার্জন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা প্রশাসকের নিকট দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন।