রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০১:২৫ পিএম

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১ ডিসেম্বর) ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন এবং টায়ার জড়ো করে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

সকাল আটটার দিকে সরেজমিনে দেখা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন। তিনি বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে। এই ঘটনায় দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতার আনার দাবি করছি।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে মানিকগঞ্জে পাঁচজন শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।