শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ভোলার মানুষের স্বাস্থ্যসেবায় “শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স”

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩০ পিএম

ভোলার মানুষের স্বাস্থ্যসেবায় “শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স”

উপকূলীয় দুর্গম চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এই ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মনপুরা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

উপদেষ্টা বলেন, এই ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত দুর্গম এলাকার রোগীদের দ্রুত হাসপাতালে আনা এবং জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন:শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তাঁর নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।

হস্তান্তরকালে উপদেষ্টা হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।এ সময় ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, স্থানীয় সরকার পরিচালক মিজানুর রহমান, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু মুসাসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, কারণ এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সময়ে মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত যোগাযোগের একটি পথ উন্মোচিত হলো।