ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:২৮ পিএম
শরীয়তপুর জেলা শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড় এলাকায় এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জেলা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা ছাত্রদলের কর্মী হাওলাদার মোহাম্মদ আকাশ মোটরসাইকেল নিয়ে চৌরঙ্গী মোড় পার হচ্ছিলেন।
ওই সময় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এনসিপির একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রম করছিল। মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে মিছিলকারীদের সাথে আকাশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এনসিপি কর্মীরা আকাশকে মারধর করলে খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয় এবং দুই পক্ষই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসাহাক সরদার, এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদারসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান নাঈম বেপারী চোখে গুরুতর আঘাত পাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। ছাত্রদল দাবি করেছে, কোনো উসকানি ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন