রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:০১ পিএম

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর বিরুদ্ধে ‘অকথ্য ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যের একটি ভিডিও লিংকও সংযুক্ত করেছেন তিনি।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ জানুয়ারি আশুগঞ্জের শরীফপুরে এক মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আলমগীর খাঁ তাঁকে গায়িকা ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে তুলনা করেন। 

অভিযোগে বলা হয়, আলমগীর খাঁ প্রকাশ্য সভায় বলেন— রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এছাড়া আরও কিছু আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “মাঠে ওনাদের (প্রতিপক্ষ) দুরবস্থা দেখে মনে হচ্ছে মাথা ঠিকমতো কাজ করছে না। একদিকে দল জেতানোর চাপ, অন্যদিকে মানুষ তাঁদের প্রার্থীকে গ্রহণ করছে না। তাই আমাকে গালাগালি করে রাগ কমানোর চেষ্টা করছেন তাঁরা।

অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা আলমগীর খাঁ বিষয়টিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন। তিনি বলেন, “মমতাজ সংসদে গিয়ে বেপরোয়া কথা বলতেন, সেটি বোঝাতে গিয়ে কথাটি এসেছে। আমার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাট করে প্রচার করা হচ্ছে। রুমিন ফারহানার সঙ্গে আমার আগে ভালো সম্পর্ক ছিল।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ছিলেন। তবে এই আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ায় রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচনী মাঠে অত্যন্ত সক্রিয় রয়েছেন।