শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বোদায় ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৫৫ পিএম

বোদায় ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন—পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী খইটালী বর্মন (৫০)। অপর নারীর (৫৫) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার বোদার দিকে আসছিল। পথে চন্দনবাড়ি এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে থ্রি হুইলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই খইটালী বর্মন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা অন্য নারীর মৃত্যু হয়।আহতদের মধ্যে দুই শিশু হিমেলসহ ৫ জনকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।