জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৫৯ পিএম
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার কেন্দ্রিক দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ জানুয়ারি) পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৯টি বড় ধারালো অস্ত্র ও অসংখ্য চাকু। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চকসূত্রাপুরের কসাইপাড়া ও পাশ্ববর্তী একটি পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মাদক সংক্রান্ত মতবিরোধের জেরে উভয় পাড়ার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান শুরু করে।অভিযানকালে স্থানীয় কুখ্যাত মাদক কারবারি হজরত আলীর বসত বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
সেখান থেকে হজরতের স্ত্রী শিলা আক্তারকে ৩১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় সিডিল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর সংবাদমাধ্যমকে জানান, একটি পক্ষ স্থানীয় পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যেই বাড়িতে এসব ভয়ংকর অস্ত্র মজুত করেছিল। তিনি আরও জানান, এই চক্রের মূল হোতা হজরত আলীসহ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন